লিসবনে ভুয়া ইমিগ্রেশন কনসালটেন্সি অফিসে পুলিশের অভিযান, সিলগালা

portu Lisbon police

পর্তুগালের রাজধানী Lisbon–এ প্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে পরিচালিত একটি কথিত ইমিগ্রেশন কনসালটেন্সি অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। প্রতারণার অভিযোগ ওঠার পর অফিসটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অফিসটি ভুয়া বা সন্দেহজনক কাজের কন্ট্রাক্ট দেখিয়ে বহু প্রবাসীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে তদন্তের আওতায় এসেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, অনেক প্রবাসীকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কাজের চুক্তিপত্র বা Contrato de Trabalho দেওয়া হয়েছিল। তবে এসব প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্ব ও বৈধতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযোগ রয়েছে, প্রতিটি কন্ট্রাক্টের জন্য প্রবাসীদের কাছ থেকে প্রায় ১,০০০ থেকে ১,৫০০ ইউরো পর্যন্ত অর্থ নেওয়া হয়েছে। তদন্তকারীদের ধারণা, এভাবে কয়েক লাখ ইউরো পর্যন্ত লেনদেন হয়ে থাকতে পারে।

এদিকে যেসব ব্যক্তি এই কন্ট্রাক্ট ব্যবহার করে ইমিগ্রেশন আবেদন করেছেন, তাদের ফাইল এখন যাচাইয়ের আওতায় রয়েছে। ফলে অনেক আবেদন ঝুলে যাওয়ার বা বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি তদন্ত করছে পর্তুগালের অভিবাসন সংস্থা Agência para a Integração, Migrações e Asilo (AIMA)। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।