দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ইউরোপের অন্যান্য দেশের মতো Denmark-এও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই ঈদের জামাতে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমান নারী-পুরুষ ও শিশু-কিশোরদের মসজিদগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। প্রবাসে পরিবার থেকে দূরে ঈদ উদযাপন হলেও মুসল্লিদের আনন্দে ছিল না কোনো কমতি।
রাজধানী Copenhagen-এ বাংলাদেশি কমিউনিটির দুটি মসজিদ—Darul Arqam Center Denmark ও Baitul Mokarram Denmark Jame Mosque—এ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পৃথক পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতেই মুসল্লিদের উপস্থিতিতে মসজিদগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়নামাজ হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা।
এ ছাড়া পাকিস্তান, ইরান, ইরাক, তুরস্ক ও সোমালিয়াসহ বিভিন্ন মুসলিম দেশের কমিউনিটির মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দারুল আরকাম সেন্টারে ঈদের নামাজ শেষে শিশু-কিশোরদের মধ্যে ঈদের সালামি বিতরণ করেন মসজিদ কমিটির সভাপতি তোফায়েল হোসেন তুহিন। তিনি বলেন, ঈদ আনন্দ ভাগাভাগির দিন, তাই শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে বায়তুল মোকররম ডেনমার্ক জামে মসজিদে নামাজ শেষে মুসল্লিদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়। রাজধানী কোপেনহেগেনের বাইরে দেশের অন্যান্য বড় শহরগুলোতেও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
