সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রবেশপত্র না পাওয়ায় চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি ছামিয়া বেগম নামের এক শিক্ষার্থী। এতে তার দীর্ঘ ১০ বছরের শিক্ষাজীবনের স্বপ্ন বড় ধরনের ধাক্কায় পড়েছে। ঘটনাটি এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে।
ছামিয়া বেগম উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি পীরের গাঁও সুন্নিয়া মাদরাসার শিক্ষার্থী। জানা গেছে, নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ফি সময়মতো পরিশোধ করেছিলেন তিনি। তবে প্রতিষ্ঠানের গাফিলতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে তার প্রবেশপত্র মাদরাসায় পৌঁছায়নি।
ফলে চলমান দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন এই শিক্ষার্থী।
ভুক্তভোগী ছামিয়া বেগম বলেন, ‘মাদরাসার সকল পাওনা ও পরীক্ষার ফি আমি সময়মতো জমা দিয়েছি। কিন্তু পরীক্ষার সময় ঘনিয়ে এলেও আমাকে প্রবেশপত্র দেওয়া হয়নি। আমার ১০ বছরের পরিশ্রম বিফলে গেছে।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে মাদরাসার সুপার নুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কী কারণে এমনটি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
