দেশে কমল জেট ফুয়েলের দাম, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারে কমেছে ২১ টাকা

Jet Fuel

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট এ-১ বা জেট ফুয়েল) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম কমেছে ২১ টাকা ৬৩ পয়সা।

বৃহস্পতিবার (৭ মে) বিইআরসি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নতুন মূল্য তালিকা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত এপ্রিলে জেট ফুয়েলের দাম বাড়িয়েছিল বিইআরসি। ৭ এপ্রিল অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা করা হয়। একই সময়ে আন্তর্জাতিক রুটে দাম বাড়িয়ে ১ দশমিক ৪৮ ডলার নির্ধারণ করা হয়েছিল।

তারও আগে ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়। আন্তর্জাতিক রুটে দাম বাড়ানো হয়েছিল ০ দশমিক ৭৪ ডলার থেকে ১ দশমিক ৩২ ডলারে।

চলতি বছরের মার্চের শুরুতেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। ৮ মার্চ অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৫ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ০ দশমিক ৬২ ডলার থেকে ০ দশমিক ৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়।

এদিকে, চলতি বছরের জানুয়ারিতে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে তা সামান্য বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা হয়েছিল।