দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদের জন্য ইউরোপের দেশ রোমানিয়া-এ কাজের সুযোগ অব্যাহত রয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য মোট ৮২ হাজার ১৮০টি ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা অনুমোদন করা হয়েছে।
১১ জুন প্রকাশিত এ তথ্য জানিয়েছে General Inspectorate for Immigration (IGI), Romania। সংস্থাটি জানিয়েছে, তারা রোমানিয়ার অভিবাসন, আশ্রয় ও বিদেশি নাগরিকদের একীভূতকরণ নীতিমালা বাস্তবায়নের দায়িত্বে রয়েছে, তবে সীমান্ত নিয়ন্ত্রণ তাদের দায়িত্বের বাইরে—এটি পরিচালনা করে রোমানিয়ান বর্ডার পুলিশ।
আইজিআই-এর পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি নাগরিক কাজের উদ্দেশ্যে রোমানিয়ায় অবস্থান করছেন নেপালের ৫৬ হাজার ৭০০ জন। এরপর শ্রীলঙ্কার ২৬ হাজার ৬২০ জন, ভারতের ১৩ হাজার ১৮৫ জন, বাংলাদেশের ৭ হাজার ৮৯৫ জন এবং পাকিস্তানের ৪ হাজার ১৭৫ জন নাগরিক কর্মসংস্থানের ভিত্তিতে রেসিডেন্স পারমিট পেয়েছেন।
একই সময়ে রোমানিয়ায় নিয়মিত বসবাসকারী দক্ষিণ এশীয়দের মধ্যে নেপালিদের সংখ্যা সর্বোচ্চ ৫৭ হাজার ৩৩০ জন। শ্রীলঙ্কার ২৭ হাজার ৩৮০ জন, ভারতের ১৪ হাজার ৬১০ জন এবং পাকিস্তানের ৫ হাজার ২৬৫ জন নাগরিক রেসিডেন্স পারমিট নিয়ে দেশটিতে অবস্থান করছেন।
বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যায়, কর্মসংস্থানের ভিত্তিতে ৭ হাজার ৮৯৫ জন রেসিডেন্স পারমিট পেয়েছেন। এছাড়া ৫০০ জন শিক্ষার্থী, ১৬৫ জন পারিবারিক পুনর্মিলন, ৬০ জন স্থায়ী রেসিডেন্স এবং কিছু সংখ্যক অন্যান্য ক্যাটাগরিতে অবস্থান করছেন। আন্তর্জাতিক সুরক্ষা কর্মসূচির আওতায়ও কয়েকজন বাংলাদেশি রোমানিয়ায় আশ্রয় পেয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপের শ্রমবাজারে দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে কর্মী নিয়োগও বাড়ছে। এর মধ্যে রোমানিয়া বর্তমানে অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে উঠে এসেছে।
এছাড়া আইজিআই জানিয়েছে, ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দেশে রেসিডেন্স পারমিট নিয়ে হাজার হাজার দক্ষিণ এশীয় নাগরিক বৈধভাবে বসবাস করছেন।
