দীর্ঘ এক দশকের আলোচনা-সমালোচনার পর অবশেষে বিমানযাত্রীদের অধিকার সংক্রান্ত নতুন আইন অনুমোদন করেছে ইউরোপীয় পার্লামেন্ট। প্রায় ২২ বছর পর সংশোধিত এই বিধিমালায় আগের ক্ষতিপূরণের অধিকার বহাল রাখার পাশাপাশি যাত্রীদের জন্য বেশ কয়েকটি নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ৬৪৬ জন সদস্য নতুন বিধিমালার পক্ষে ভোট দেন। এর ফলে ২০০৪ সালে কার্যকর হওয়া বিমানযাত্রী অধিকার আইন প্রথমবারের মতো বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে গেল।
ইউরোপীয় পার্লামেন্টের প্রধান আলোচক ও বুলগেরিয়ার এমইপি আন্দ্রে নোভাকভ বলেন, এটি চলতি শতাব্দীতে বিমানযাত্রীদের অধিকার রক্ষায় সবচেয়ে বড় অগ্রগতি। নতুন নিয়মে যাত্রীদের অধিকার আরও স্পষ্ট ও কার্যকর করা হয়েছে।
যে সুবিধাগুলো পাচ্ছেন যাত্রীরা
নতুন নিয়ম অনুযায়ী, ফ্লাইট বাতিল বা তিন ঘণ্টার বেশি বিলম্ব হলে যাত্রীরা আগের মতোই ২৫০ থেকে ৬০০ ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকার বজায় রাখবেন।
এছাড়া ১৪ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে পরিবারকে পাশাপাশি বসার জন্য আর কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না।
অনলাইন টিকিট কেনার সময় প্রদর্শিত মূল্যের মধ্যেই একটি বিনামূল্যের হ্যান্ড লাগেজ অন্তর্ভুক্ত থাকবে। ফলে অতিরিক্ত চার্জ নিয়ে বিভ্রান্তির সুযোগ কমবে।
এছাড়া ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহে এখন থেকে এয়ারলাইনসগুলোর আইনি বাধ্যবাধকতা থাকবে। ক্ষতিপূরণ কীভাবে দাবি করতে হবে, সে বিষয়ে যাত্রীদের সরাসরি জানাতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইনকে।
ভোক্তা সংগঠনের মিশ্র প্রতিক্রিয়া
ভোক্তা অধিকার সংগঠন ইউরোকনজিউমার্স নতুন আইনকে ইতিবাচক বললেও এটিকে পর্যাপ্ত মনে করছে না।
সংগঠনটির নীতিবিষয়ক কর্মকর্তা অলিভিয়া ব্রাউন বলেন, ক্ষতিপূরণ দাবি করার নিয়ম আরও স্পষ্ট হয়েছে, তবে তা সহজ হয়নি। কারণ, যাত্রীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা ক্ষতিপূরণ আবেদনপত্র (Pre-filled Claim Form) দেওয়ার প্রস্তাবটি শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে।
তার মতে, এটি বাস্তবায়িত হলে যাত্রীরা আরও সহজে ক্ষতিপূরণ দাবি করতে পারতেন।
এয়ারলাইনগুলোরও আপত্তি
অন্যদিকে ইউরোপিয়ান রিজিওনাল এয়ারলাইন অ্যাসোসিয়েশন (ERAA) জানিয়েছে, নতুন চুক্তিতে প্রকৃত অর্থে কোনো পক্ষই পুরোপুরি লাভবান হয়নি।
সংস্থাটির মহাপরিচালক মন্টসেরাত বারিগা বলেন, সব ধরনের এয়ারলাইনের জন্য একই হারে ক্ষতিপূরণ নির্ধারণ করায় ছোট ও আঞ্চলিক এয়ারলাইনগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ টিকিটের মূল্যের চেয়েও বেশি হয়ে যেতে পারে।
তবে ক্ষতিপূরণের আবেদনপত্র আগেভাগে পূরণ করে দেওয়ার বাধ্যবাধকতা বাদ যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। তাদের মতে, এতে ছোট এয়ারলাইনগুলোর অতিরিক্ত প্রযুক্তিগত ও প্রশাসনিক চাপ কমবে।
দীর্ঘ ১০ বছরের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত
ইউরোপীয় কমিশন প্রথম ২০১৩ সালে বিমানযাত্রী অধিকার আইনের সংশোধনের প্রস্তাব দেয়। দীর্ঘ আলোচনার পর গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ কাউন্সিলের মধ্যে সমঝোতা হয় এবং এবার তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেল।
নতুন বিধিমালা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে বিমানযাত্রীদের অধিকার আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
