নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি (টিএসি)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডসের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং ব-দ্বীপ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উচ্চশিক্ষার জন্য নেদারল্যান্ডসে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে এ সমস্যাগুলোর সমাধানে ডাচ সরকারের সহযোগিতা কামনা করেন।
এছাড়া তিনি বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র সংক্রান্ত বিষয়ও উত্থাপন করে এ বিষয়ে বিদ্যমান ব্যবস্থার পুনর্বিবেচনার অনুরোধ জানান।
জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডস এসব বিষয় পর্যালোচনা করে সন্তোষজনক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, অভিবাসন, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
