প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট। শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে।
ফ্লাইটে থাকা যাত্রীদের দাবি, প্রায় ২৬০ জন যাত্রী এখনও উড়োজাহাজের ভেতরে রয়েছেন। তবে যাত্রীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
জানা গেছে, বিজি৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। রোমে নির্ধারিত বিরতিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে এবং এটি মেরামত করা প্রয়োজন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত উড়োজাহাজটি রোম বিমানবন্দরেই অবস্থান করছিল। কখন এটি ঢাকার উদ্দেশে আবার যাত্রা করবে, তা তখনও নিশ্চিত করা যায়নি।
কারিগরি পরীক্ষা চলছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিজি৩০৬ (টরন্টো–রোম–ঢাকা) ফ্লাইট পরিচালনার সময় রোম ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে বলে জানিয়েছে বিমান।
বিমান কর্তৃপক্ষের ভাষ্য, ত্রুটি পুরোপুরি ঠিক হওয়ার পর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করেই বিজি৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে।
ঢাকার পরের ফ্লাইটেও প্রভাব
একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ায় বিজি৩০৫ (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোমে আটকে থাকা বিজি৩০৬-এর যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
