বাংলাদেশিসহ পাঁচ দেশের ৫৩ অভিবাসনপ্রত্যাশীকে মারধর করে বসনিয়া-হারৎসেগোভিনায় ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে ক্রোয়েশিয়ার পুলিশের বিরুদ্ধে। অস্ট্রিয়ার মানবিক সহায়তা সংস্থা এসওএস বলকান রুট জানিয়েছে, গত বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। তবে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ বলেছে, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ওই অভিবাসনপ্রত্যাশীরা বাংলাদেশ, ভারত, নেপাল, সুদান ও পাকিস্তানের নাগরিক। তাঁদের মধ্যে তিনজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্কও ছিলেন। আহতদের কয়েকজনকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হয়েছে।
মুখোশ পরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ
অভিবাসনপ্রত্যাশীদের বর্ণনার ভিত্তিতে এসওএস বলকান রুট জানিয়েছে, প্রায় ১৫ জন মুখোশধারী ক্রোয়েশীয় পুলিশ সদস্য তাঁদের মারধর করেন। সাম্প্রতিক মাসগুলোতে সংস্থাটি যেসব সীমান্ত সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে, এটিকে সেগুলোর মধ্যে অন্যতম গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংস্থাটির দাবি, হাত-পায়ের হাড় ভাঙা ও মাথায় আঘাতসহ বিভিন্ন জখম নিয়ে পাঁচজনকে জরুরি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আরও ১২ জনকে ট্যাক্সিতে করে লিপা অভিবাসী শিবিরে পৌঁছে দেওয়া হয়, যাঁদের নয়জন আহত ছিলেন।
হাসপাতালে আহতদের চিকিৎসা
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে বসনিয়ার বিহাচের ক্যান্টনাল হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান আমেল মিজিচ জানান, হাসপাতালে আটজনকে পরীক্ষা করা হয়েছে। তাঁদের দুজনের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হয়েছে। পরে রক্তকাশি শুরু হওয়ায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
উনা-সানা ক্যান্টনের পুলিশও জানিয়েছে, তারা আহতদের সঙ্গে কথা বলেছে। আহত ব্যক্তিরা অভিযোগ করেছেন, সীমান্ত পার হওয়ার চেষ্টার সময় ক্রোয়েশিয়ার পুলিশ তাঁদের আঘাত করে। তবে ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি এবং কারা দায়ী, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
কী বলছে ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাবোর বোজিনোভিচ শনিবার বলেন, পুলিশ গণমাধ্যমের প্রতিবেদন থেকেই অভিযোগ সম্পর্কে জানতে পেরেছে। তাঁর ভাষ্য, বসনিয়ার কর্তৃপক্ষ, বিশেষ করে পুলিশের কাছ থেকেও তাঁরা কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাননি।
ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত থেকে অভিবাসনপ্রত্যাশীদের জোরপূর্বক ফেরত পাঠানোর অভিযোগ ক্রোয়েশিয়ার পুলিশের বিরুদ্ধে আগেও উঠেছে। মানবাধিকার সংগঠন ও স্বাধীন গণমাধ্যমগুলো এসব অভিযোগ তুললেও দেশটির কর্তৃপক্ষ সাধারণভাবে তা অস্বীকার করে এসেছে।র রোসানদিচের দাবি, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়; সীমান্তে দীর্ঘদিন ধরে চলা সহিংসতার অংশ। সংস্থাটি ঘটনার স্বাধীন তদন্ত, আহতদের চিকিৎসা ও পরিবহন নিশ্চিত করা এবং ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর প্রতিক্রিয়া দাবি করেছে।
