ফ্রান্সে অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্ক ও জনপরিসরের নানা আলোচনার মধ্যেই নতুন এক সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে ভিন্ন চিত্র। দেশটিতে ২০২৪ সালে নতুন অভিবাসী আগমনের সংখ্যা আগের দুই বছরের তুলনায় কমেছে। তবে একই সময়ে ফ্রান্সে বসবাসকারী মোট অভিবাসী জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে।
ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইকোনমিক স্টাডিজ (ইনসে) বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে মোট ৪ লাখ ৩৮ হাজার মানুষ ফ্রান্সে প্রবেশ করেছেন। এর মধ্যে ৮৫ হাজার ব্যক্তি ফ্রান্সে জন্মগ্রহণ করলেও বিদেশে অবস্থানের পর দেশে ফিরে এসেছেন। এছাড়া ৪০ হাজার ব্যক্তি বিদেশে জন্মগ্রহণ করলেও জন্মসূত্রে ফরাসি নাগরিক ছিলেন। বাকি ৩ লাখ ১৩ হাজার ব্যক্তি অভিবাসী, অর্থাৎ তারা বিদেশে জন্মগ্রহণকারী এবং জন্মের সময় ফরাসি নাগরিক ছিলেন না।
ইনসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ফ্রান্সে আগত অভিবাসীর সংখ্যা ২০২৩ সালের তুলনায় ১০ শতাংশ এবং ২০২২ সালের তুলনায় ১৬ শতাংশ কমেছে। গবেষকরা বলছেন, কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রভাব কাটিয়ে অভিবাসন প্রবাহ এখন আবার ২০১৯ সালের কাছাকাছি পর্যায়ে ফিরে এসেছে।
আফ্রিকা থেকে সবচেয়ে বেশি অভিবাসী
২০২৪ সালে ফ্রান্সে আসা নতুন অভিবাসীদের মধ্যে ৪৬ শতাংশ আফ্রিকা থেকে এসেছেন। সংখ্যার হিসাবে এটি প্রায় ১ লাখ ৪৪ হাজার। এর মধ্যে প্রায় ৬৩ হাজার ব্যক্তি উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চল থেকে এসেছেন।
অন্যদিকে, ২৭ শতাংশ বা প্রায় ৮৩ হাজার অভিবাসী ইউরোপ থেকে, ১৮ শতাংশ বা ৫৭ হাজার এশিয়া থেকে এবং ৯ শতাংশ বা প্রায় ৩০ হাজার ব্যক্তি আমেরিকা ও ওশেনিয়া অঞ্চল থেকে ফ্রান্সে প্রবেশ করেছেন।
উচ্চশিক্ষিত অভিবাসীদের সংখ্যা বেশি
প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বা তার বেশি বয়সী নতুন অভিবাসীদের বড় অংশই উচ্চশিক্ষিত। ইউরোপ, আফ্রিকা কিংবা এশিয়া—সব অঞ্চল থেকেই আগত অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তির বিশ্ববিদ্যালয় পর্যায়ের ডিগ্রি রয়েছে।
এছাড়া ১৫ বছর বা তার বেশি বয়সী অভিবাসীদের মধ্যে ইউরোপীয় উৎসের ৭৩ শতাংশ ব্যক্তি কর্মসংস্থান বা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন। এশীয় অভিবাসীদের ক্ষেত্রে এই হার ৫৩ শতাংশ এবং আফ্রিকান অভিবাসীদের ক্ষেত্রে ৫০ শতাংশ।
গবেষণায় আরও দেখা গেছে, ২৫ বছর বা তার বেশি বয়সী অভিবাসী নারীদের ৫২ শতাংশের উচ্চশিক্ষার ডিগ্রি রয়েছে, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার ৪৯ শতাংশ।
অভিবাসীদের মধ্যে নারীদের অংশগ্রহণ বেশি
২০২৪ সালে ফ্রান্সে নতুন নিবন্ধিত অভিবাসীদের ৫৩ শতাংশই নারী। ফলে অভিবাসন প্রবাহে নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন অভিবাসী আগমন কমলেও ফ্রান্সে বসবাসকারী মোট অভিবাসীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইনসের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে বসবাসরত অভিবাসীর সংখ্যা প্রায় ৮০ লাখে পৌঁছেছে, যা ফ্রান্সের মোট জনসংখ্যার ১১ দশমিক ৬ শতাংশ।
তবে এই ৮০ লাখ মানুষের মধ্যে প্রায় ২৬ লাখ ব্যক্তি পরবর্তীকালে ফরাসি নাগরিকত্ব অর্জন করেছেন।
গবেষণা অনুযায়ী, ১৯৯৯ সালে ফ্রান্সের মোট জনসংখ্যার মধ্যে অভিবাসীদের অংশ ছিল ৭ দশমিক ৩ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে ১১ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।
গবেষকদের মতে, জন্মহার কমে যাওয়া, জনসংখ্যার বার্ধক্য বৃদ্ধি এবং গত দুই দশকে অভিবাসন প্রবাহ বৃদ্ধির ফলে ফ্রান্সে অভিবাসীদের মোট অংশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সূত্র: INSEE
