মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ দেশটিতে অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান আরও জোরদার করেছে। বুধবার (৬ মে) এক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এবং অভিবাসন সুবিধার অপব্যবহার রোধে ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, গত ৪ মে দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোট ৩২টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারায় আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে ১৩ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
কর্তৃপক্ষ বিশেষভাবে সামাজিক ভিজিট পাস ও অস্থায়ী কর্মসংস্থান পাসের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিভাগটির ভাষ্য, অনেক বিদেশি কর্মী অনুমোদিত খাতের বাইরে কাজ করছেন, যা দেশটির অভিবাসন আইনের পরিপন্থি।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের পাস বাতিল, বহিষ্কার এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগটি আরও জানিয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বিদেশি শ্রমিকদের শোষণ প্রতিরোধে কোনো ধরনের আপস ছাড়াই অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।
