AIMA-এর দীর্ঘসূত্রতায় আদালতের দ্বারস্থ গোল্ডেন ভিসা হোল্ডাররা

AIMA

পর্তুগালে অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে আদালতে মামলা ও অভিযোগের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে দেশটির অভিবাসন সংস্থা AIMA-এর বিরুদ্ধে অভিযোগের ঢল নেমেছে, যার ফলে প্রশাসনিক আদালতগুলোতে ব্যাপক চাপ তৈরি হয়েছে।

পর্তুগিজ ম্যাগাজিন Sábado-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন জাতীয়তা আইন চালুর পর বিনিয়োগকারীদের একটি বড় অংশ নিজেদের প্রতারিত মনে করে আইনি চ্যালেঞ্জ দিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আইনজীবী রাকেল ব্রিটো, যিনি অভিবাসন সংস্থা আব্রেউ অ্যাডভোকাডোসের সিনিয়র অ্যাসোসিয়েট, জানিয়েছেন যে গোল্ডেন ভিসার রেসিডেন্স পারমিট নবায়ন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য বিলম্ব হচ্ছে, যা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হচ্ছে।

তিনি আরও বলেন, প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে নাগরিক অধিকার রক্ষায় বহু মামলা দায়ের করা হচ্ছে, যেখানে আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিছু ক্ষেত্রে AIMA সমাধানের পরামর্শ দিলেও তা যথেষ্ট নয়।

বর্তমানে শুধু অভিবাসন-সংক্রান্ত অভিযোগ ও মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৩ হাজার, যা পর্তুগালের প্রশাসনিক আদালত ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা না কমালে ভবিষ্যতে এই সংকট আরও বাড়তে পারে।