২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ কবে কখন

FIFA World Cup 2026 Argentina warm-up match

২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে এই ম্যাচ দুটিই হবে লিওনেল স্কালোনির দলের জন্য নিজেদের প্রস্তুতি যাচাইয়ের শেষ সুযোগ।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে হন্ডুরাস ও আইসল্যান্ডের।

প্রথম প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ইউরোপের দল আইসল্যান্ডের বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল। বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ।

বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের বিশ্রাম, পুনর্বাসন ও কৌশলগত প্রস্তুতির জন্য কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প হিসেবে নির্বাচন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। টুর্নামেন্ট চলাকালে অনুশীলনের জন্য স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন মেসি ও তার সতীর্থরা।

বিশ্বকাপের মূল লড়াই শুরু হবে আগামী ১৬ জুন। সেদিন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরো পড়ুন বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো কবে কখন এবং কীভাবে দেখবেন

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবারও লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচ দুটিতে স্কালোনি তার সেরা একাদশ ও কৌশল পরীক্ষা করার সুযোগ পাবেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সংক্ষিপ্ত তথ্য

  • প্রথম ম্যাচ: আর্জেন্টিনা vs হন্ডুরাস
  • তারিখ: ৬ জুন ২০২৬
  • সময় (বাংলাদেশ): ৭ জুন ভোর ৫:৩০
  • ভেন্যু: কাইল ফিল্ড, টেক্সাস
  • দ্বিতীয় ম্যাচ: আর্জেন্টিনা vs আইসল্যান্ড
  • তারিখ: ৯ জুন ২০২৬
  • সময় (বাংলাদেশ): ১০ জুন সকাল ৬:০০
  • ভেন্যু: জর্ডান-হেয়ার স্টেডিয়াম, আলাবামা